চট্টগ্রামের বায়েজিদ থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে অতর্কিত সন্ত্রাসী হামলায় লন্ডভন্ড হয়ে গেছে কেক কাটার অনুষ্ঠান। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন মাজার গেইটে আওয়ামী লীগ অফিসের সামনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শুরু হয়। অনুষ্ঠানে ২নং ওয়ার্ডের সহ-সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন হাজি আবদুন নবী লেদু।
অনুষ্ঠান শুরু হওয়ার আধঘণ্টা পর উত্তর দিক থেকে একটি মিছিল এসে নেতৃবৃন্দের বক্তৃতা চলাকালীন সময়ে অতর্কিত হামলা করে। অনুষ্ঠানস্থল লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল মারতে থাকে। এতে জন্মদিনের অনুষ্ঠান লন্ডভন্ড হয়ে যায়। হামলার খবর পেয়ে তৎক্ষনাত বায়েজিদ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। হামলায় খাদেমুল হোসেন, আনোয়ার হোসেন, মো. ইউসুফ নামে ৩ জন আহত হয়।
হামলা সম্পর্কে বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুন নবী লেদু বলেন, আমি বায়েজিদ থানায় শান্তিপ্রিয়ভাবে দু’বছর অফিস করে আসছি। কখনো কোনো ঝামেলা হয়নি। অথচ আজ প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে দিদার মহিউদ্দিন গ্রুপের অনুসারীরা মিটিং অনুষ্ঠানের উত্তর দিক থেকে একটি মিছিল নিয়ে এসে অতর্কিত হামলা করে। বায়েজিদে আধিপত্য বিস্তার, দখলবাজি, চাঁদাবাজির ভিত্তিকে মজবুত করার জন্য মূলত এই হামলা। আজ বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের অনুষ্ঠানে চিহ্নিত সন্ত্রাসীরা যে হামলা করেছে তার নিন্দা জানানোর ভাষা আমার নেই।